মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ জয় চক্রবর্তী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাশড়া (রহমতপুর) এলাকার পটল বিলের ডিপ পানির পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিঃ) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি অভিযানিক দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার জয় চক্রবর্তী মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাশড়া (নাগবাড়ী) এলাকার মৃত হারাধন চক্রবর্তীর ছেলে।
পুলিশের দাবি, অভিযানের সময় জয় চক্রবর্তীর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মোট মূল্য ১ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

