টালিউডের পরিচিত মুখ কোয়েল মল্লিককে এবার দেখা যেতে পারে ছোটপর্দায়। বড়পর্দায় দীর্ঘদিন ধরে দর্শকদের মাতানো এই অভিনেত্রী নাকি প্রথমবারের মতো কোনো বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।
টালিপাড়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের নতুন একটি বাংলা সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। জানা গেছে, জনপ্রিয় একটি কোরিয়ান গল্প অবলম্বনে নির্মিত হতে পারে ধারাবাহিকটি। তবে কোয়েলের অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বা চ্যানেল কর্তৃপক্ষ।
ছোটপর্দার সঙ্গে কোয়েলের পরিচয় অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনি’ নামের একটি নন-ফিকশন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে কোনো বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনেত্রীকে আগে দেখা যায়নি। ফলে নতুন এই খবর ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি কোয়েল নিজে।
এদিকে সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরেকটি সিনেমার শুটিংয়েও অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় কোয়েল মল্লিকের নতুন কোনো যাত্রা শুরু হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

