চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটিগ্রাম সরকার বাড়ি মধ্যবরুন্ডি এলাকায় আব্দুল খালেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আব্দুল খালেক মেম্বার জানান, একদল মুখোশধারী দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে ঘরের আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, স্থানীয় টগরের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল এ ঘটনা ঘটিয়েছে।

খালেক মেম্বার আরও দাবি করেন, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অভিযুক্ত স্থানীয় আব্বাস উদ্দিন কুটির ছেলে টগর ও তার সহযোগীরা তার কাছে একাধিকবার মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে গ্রেপ্তার করানো হয় বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও পুনরায় চাঁদা দাবি করা হয় এবং সর্বশেষ চাঁদা না দেওয়ায় তার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত টগর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, পুলিশ সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল বা বাড়ি শনাক্ত করতে গিয়েছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top