মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং ছাত্রলীগেন ১৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর, সিঙ্গাইর, সাটুরিয়া, শিবালয় ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন (৫৪) এবং সিঙ্গাইরের চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবান আলী সরদার (৩৮)।
সিঙ্গাইরে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ইমন আহমেদ (২৩), রবিন শেখ (২৪) ও নজরুল ইসলাম (২০)।
সাটুরিয়ায় গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম (৩৯), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন (৫৩), কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিক মিয়া (৪৫) এবং সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।
শিবালয়ে গ্রেপ্তার হয়েছেন আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ইউপি সদস্য মুন্সি আপেল মাহমুদ (৫০)।
দৌলতপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম (৩৮), ধামশুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রাশেদ মিয়া (৪৬) এবং দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শহীদুল ইসলাম (রশিদ) (৩৩)। এছাড়া সাটুরিয়ার পূর্ব শিমুলিয়া এলাকার মো. সুজন মিয়া (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

