দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে সরকার ব্যাপক খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও পরিবেশ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরের তালুকনগরের তালুক হাপানিয়া-উলাইল খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, এক সময় দেশের গ্রামাঞ্চলে অসংখ্য খাল-বিল ছিল, যা কৃষি ও প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু সময়ের ব্যবধানে অনেক খাল ভরাট হয়ে গেছে বা নাব্যতা হারিয়েছে। ফলে কৃষিজমিতে সেচের সমস্যা দেখা দিয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মতো দুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বাড়বে, মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধন শেষে বিমানমন্ত্রী খাল খনন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

