মানিকগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় অভিযান দুটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান তারেক (৩৫), আব্দুল আলীম (২৯) ও আল আমিন (৩৭)। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোয়ের তত্ত্বাবধানে গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের পূর্ব পাশে ইটের সলিংয়ের ওপর থেকে সাইদুর রহমান তারেক ও আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সাইদুর রহমান তারেকের কাছ থেকে ৭০ পিস এবং আব্দুল আলীমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার সাইদুর রহমান তারেকের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইসলামনগর এলাকায়। তিনি মৃত রহিজ উদ্দিনের ছেলে। আর আব্দুল আলীম শিবালয় উপজেলার সাহেলী এলাকার মো. আলী হোসেনের ছেলে।
অন্যদিকে আজ রাত ১টা ১০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে ফুট ওভারব্রিজের নিচ থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, আল আমিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। আল আমিন ঢাকার ধামরাই উপজেলার মুকিমপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক দুটি অভিযানে তিনজনের কাছ থেকে মোট ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় একটি এবং মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
সবখবর/ নিউজ ডেস্ক

