মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।

ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মঙ্গলবার রাতে সোহেল তাঁর নানাবাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তিনি তাঁর মাকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়।

পরে বুধবার সকালে ভুক্তভোগী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top