আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৮ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ ২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটি উপভোগের সুযোগ পাবেন।
ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। তার আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস (বাংলাদেশ) উপলক্ষে সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের পরও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

