মানিকগঞ্জের শিবালয় উপজেলার গাংধাইর এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে রাস্তার সামনে আয়োজিত এ বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার গাংধাইর এলাকায় প্রায় ৬০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কৃষিকাজ, ফসল আনা-নেওয়া এবং দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগীদের দাবি, ২০২৩ সালে স্থানীয়দের উদ্যোগে এলাহি ও ইমারতের বাঁধার মুখে তাদেরই পারিবারিক বসতভিটার জমি প্রায় ৩ লাখ টাকায় কিনে রাস্তা হিসেবে ব্যবহার শুরু করা হয়। বর্তমানে মো. ইমারত হোসেন ও জাহিদুল ইসলাম এলাহি সম্প্রতি ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত রাস্তা খুলে দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।
এদিকে, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, পাশ্ববর্তী রুবেল হোসেন ধান আনার সময় বাঁধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, দা, লোহার রড ও ইট দিয়ে হামলা চালানো হয়। এতে রুবেল হোসেনসহ একই পরিবারের সাতজন আহত হন।
ঘটনার পরদিন ২৪ মে শিবালয় থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রুবেল হোসেন।
এব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনূল ইসলাম জানান, পুলিশ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা মামলার আসামী হওয়ায় পলাতক থাকায় কোন সমাধান করা যাচ্ছেনা। তারা প্রকাশ্যে এলে বিষয়টি সমাধানের জন্য পুলিশ গুরুত্বসহকারে কাজ করবে।
সবখবর/ নিউজ ডেস্ক

