জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী আনিসা আক্তার লাবনী। গণিত বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থী লাবনীকে, একজন অভিভাবক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
চিঠিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, আনিসা আক্তার লাবনী গণিত বিষয়ে এমএসসি পরীক্ষায় ৩.৯৭ সিজিপিএ অর্জন করেন। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ১৯৩৩৭১০৩৪১৯, সেশন ২০১৯-২০ এবং পরীক্ষার বছর ২০২০।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাবনী এখন টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আসাদ জামানের সহধর্মীনি।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী হিসেবে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়ায় লাবনীর এ অর্জনকে গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

