মানিকগঞ্জের সিংগাইরে একটি জলাশয়ের কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে ও বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে জলাশয়ের আশপাশে হঠাৎ পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন খোঁজাখুঁজি করে শহর মুন্সির বাড়ির পেছনে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি পুলিশকে জানানো হলে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, কিশোরটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছর হতে পারে। তবে মরদেহটি অর্ধগলিত ও বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

