হরিরামপুরে নবম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, রোববার সকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়। পরে তার মা অন্য এক সন্তানকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতকে ঝুলতে দেখেন।

খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে একজন অভিভাবক তাঁকে ফোন করে নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী জান্নাত আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন।

হরিরামপুর থানার এসআই মো. এমদাদুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সবখবর/ নিউজ ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top