প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারনার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকার সাভার উপজেলার জালেশ্বর এলাকার রাঢ়ীবাড়ী বি-ব্লক ২/৯ নম্বর বাসায় বসবাস করেন।
পুলিশ সুপার জানান, প্রতারক মামুন প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের কাঙ্খিতস্থানে বদলি, পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। প্রতারক মামুন নিজেকে সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও পরিচয় দিত। গত ১৮ মে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর এপিএস-১ জানতে পেরে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টার দিকে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ গাড়ি, ‘আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ সম্বলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, সে প্রতারণার কাজে বিশেষ একটি মোবাইল ব্যবহার করতো এবং সে দীর্ঘদিন যাবত এই ধরনের প্রতারণার কাজে জড়িত ছিলো। তার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো উপস্থিত ছিলেন।

