অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে মানিকগঞ্জ শহরের দুটি মিষ্টি তৈরির কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের সুইট হ্যাভেন ও মদিনা সুইসে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবার সংরক্ষণে অনিয়মের বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানা করেন।
এর মধ্যে সুইট হ্যাভেনকে ২০ হাজার টাকা এবং মদিনা সুইসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশনারা বেগম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সুইট হ্যাভেনের মিষ্টি তৈরির কারখানার পরিবেশ নিয়েও কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে কারখানাটি অন্যত্র সরিয়ে নিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি তৈরির প্রতিশ্রুতি দেয়।
কর্মকর্তারা জানান, খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং বাসি বা অনিরাপদ খাবার সংরক্ষণ না করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

