মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের অভিযোগে আটক বাসুদেব রাজবংশীকে (২৫) আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে স্থানীয়রা বাসুদেবকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে বাসুদেব রাজবংশীকে আদালতে পাঠানো হয়েছে।

