মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, তার নির্বাচনী এলাকার চরাঞ্চলকে আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, “আমাদের ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের বিস্তীর্ণ চরাঞ্চল শুধু নদীভাঙন ও দুর্যোগের প্রতীক হয়ে থাকবে না। আমি চাই এই অঞ্চল একদিন আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি পাক।”
তিনি আরও বলেন, “নদীকে ঘিরেই আমাদের অর্থনীতি। পরিকল্পিত অবকাঠামো, আধুনিক নদীবন্দর সুবিধা এবং কৃষি ও পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা গেলে চরাঞ্চল নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমবে।”
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।”
স্বাস্থ্যসেবার বিষয়ে জিন্নাহ কবীর বলেন, “চরাঞ্চলের মানুষ এখনও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করা আমার অগ্রাধিকার।”
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। তার ভাষায়, “টেকসই সড়ক নির্মাণ, নদীপথে নিরাপদ যাতায়াত এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। আমি চাই যোগাযোগ ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে, যাতে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন সহজ হয়।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। আমার লক্ষ্য রাজনীতি নয়, মানুষের ভাগ্যোন্নয়ন।”
নবনির্বাচিত এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পিত উদ্যোগ ও সবার সহযোগিতায় মানিকগঞ্জ-১ আসনকে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।

