হরিরামপুরে বালু মহালের ইজারা পেলেন বিএনপি নেতা বিল্লাল খান

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছে ‘খান এন্টারপ্রাইজ’। গতকাল বুধবার সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল খান এই ইজারা পান ।

জানা গেছে, ৩ কোটি ৪০ লাখ টাকার সর্বোচ্চ দর দিয়ে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ইজারা প্রক্রিয়ায় বালুমহালটি লাভ করে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় অংশ নেয় আরও দুটি প্রতিষ্ঠান—সজীব করপোরেশন ও জমিদার এন্টারপ্রাইজ।

লেছড়াগঞ্জ বালুমহালটি হরিরামপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বালু উত্তোলন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর এখান থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়, যা স্থানীয় নির্মাণখাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে স্থানীয়দের মতে, অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বালুমহালটি পরিবেশগত দিক থেকেও সংবেদনশীল। তাই নিয়ম মেনে বালু উত্তোলন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা বলেন, সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকায় খান এন্টারপ্রাইজ বালুমহালটির ইজারা পেয়েছে। বালুমহাল ব্যবস্থাপনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এক প্রতিক্রিয়ায় মো. বিল্লাল খান জানান, তিনি সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বালুমহালটির ইজারা পেয়েছেন। সরকারের সব নির্দেশনা মেনে, নদী ও পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় মানুষের স্বার্থ ও এলাকার পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই তিনি বালু উত্তোলনের কাজ করতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top