সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে সোমবার একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান।
অফিস আদেশে জানানো হয়, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী নিম্নোক্ত কার্যক্রম অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে—
- অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা,
- অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা,
- নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হওয়া।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পবিত্র রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে।
এছাড়া দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর পূর্বানুমতি নিতে হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ তথ্য লিপিবদ্ধ করা এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক।
আদেশে আরও উল্লেখ করা হয়, কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, আগেভাগে অফিস ত্যাগ করলে বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

