মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির মরহুমা হুরুন নাহার রশীদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, হুরুন নাহার রশীদের মৃত্যুতে মানিকগঞ্জবাসী এক মহীয়সী, ধর্মপরায়ণ ও পরোপকারী ব্যক্তিত্বকে হারিয়েছে।
এক প্রতিক্রিয়ায় তিনি সবখবরকে জানান, “মানিকগঞ্জবাসী একজন মহীয়সী, ধর্মপরায়ণ ও পরোপকারী ব্যক্তিকে হারালো। তার মমতা, মানবিকতা ও নৈতিক আদর্শ সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। সমাজের কল্যাণে তার নীরব অবদান ও মানুষকে সাহায্য করার মানসিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
সাংসদ এস এ জিন্নাহ কবির আরও বলেন, একজন স্নেহময়ী মা হিসেবে তিনি যেমন পরিবারকে আগলে রেখেছেন, তেমনি সমাজের নানা কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
তিনি আজ (১ মার্চ- রবিবার) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা এমপি এবং পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ রবিবার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অতঃপর মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।

