বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে মানিকগঞ্জে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।
সোমবার জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা মানিকগঞ্জ সফর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় পর্বে আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনী সময়ে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, “সংবাদকর্মীরা সমাজের দর্পণ। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী সময়ে আপনারা যে সহযোগিতা করেছেন, তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।”
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সাংবাদিকরা জেলার সমস্যা-সম্ভাবনা তুলে ধরবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, “আগামী দিনগুলোতে আপনাদের সঙ্গে নিয়েই মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জেলার অবকাঠামো, যোগাযোগ, পর্যটন সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

