বিমানবন্দর উন্নয়ন ও টিকিট সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার বিমান মন্ত্রী রিতার

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা মানিকগঞ্জ সফর করেছেন আফরোজা খানম রিতা।

আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি জানান, যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই সরকারের লক্ষ্য।

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হাজিদের যাতায়াতে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। হজ ফ্লাইট ব্যবস্থাপনা, ইমিগ্রেশন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সেবাগুলো সমন্বয়ের মাধ্যমে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে অযথা হয়রানি বা ভোগান্তি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিমানবন্দরে এসে যেন তারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সে বিষয়ে আমরা কঠোর থাকব।”

এ ছাড়া বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নই তার অগ্রাধিকার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top