দুর্নীতি বন্ধ হলেই দেশের অনেক সমস্যা কমবে: বিমানমন্ত্রী

দুর্নীতিকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে দেশের বেশিরভাগ সমস্যারই সমাধান সম্ভব। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারি কাজের টেন্ডার, সার ডিলার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জনগণ কী পেল সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, নারীরা এখন শুধু পরিবারই নয়, দেশ পরিচালনাতেও সমানভাবে সক্ষম। নারীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নারীরা যাতে সমাজে এগিয়ে যেতে পারে এবং নারী উদ্যোক্তারা কাজের সুযোগ পায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন মন্ত্রী।

সবখবর/ নিউজ ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top