মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
তিনি আজ বিকেলে তার নিজ বাসভবনে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, মানিকগঞ্জের উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একে অপরের পরিপূরক।
তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসচেতনতা সৃষ্টি করছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন। আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করি এবং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, মানিকগঞ্জ-১ আসনের চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রগতির বিষয়গুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল ইসলাম মিহির ও গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা পারভেজ, কার্যকরী সদস্য আকরাম হোসেন, আসাদ জামান, আলামিন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্যের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

