আশরাফ লিটন: এক সময় সাংবাদিকতা মানে ছিল সত্য বলার সাহস। ক্ষমতার সামনে প্রশ্ন তোলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষের হাতে এই পেশাটা যেন এক অদ্ভুত রূপ পেয়েছে। কখনো কলম, কখনো কমিশন; কখনো মাইক, কখনো মধ্যস্থতা।
আজকাল অনেকের কাছে সাংবাদিকতার সংজ্ঞা বেশ সহজ। ক্যামেরা থাকলেই সাংবাদিক, আর পরিচয়পত্র থাকলেই প্রভাব। সত্য খোঁজার চেয়ে কার সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায়, কোথা থেকে কী সুবিধা পাওয়া যায়, সেই হিসাবটাই যেন বড় হয়ে উঠেছে।
অফিসের দরজায় দরজায় ঘোরা, টেন্ডারের খোঁজ নেওয়া, ফোন করে তদবির করা, এসব কাজের সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক ঠিক কতটুকু, সেটা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কারণ সংবাদ সংগ্রহ আর সুবিধা সংগ্রহ এক জিনিস নয়।
এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, সাংবাদিকতা কি দালালির আড়াল হবে, নাকি দালালির লোকেরা সাংবাদিকতার আড়াল ছাড়বে? দুইটা একসাথে চলতে পারে না। কলম যদি সত্যের জন্য হয়, তবে সেটা কোনো পক্ষের হয়ে দরকষাকষির হাতিয়ার হতে পারে না।
সমস্যা হলো, কয়েকজনের এই আচরণ পুরো পেশাটার ওপর দাগ লাগিয়ে দেয়। যারা সত্যিই দিনরাত পরিশ্রম করে খবর খোঁজেন, মাঠে ঘুরে তথ্য জোগাড় করেন, তাদের কাজও তখন প্রশ্নের মুখে পড়ে।
তাই সময় এসেছে পরিষ্কার সিদ্ধান্তের, সাংবাদিকরা দালালি ছাড়ুন, আর যারা দালাল তারা সাংবাদিকতার নাম ভাঙানো বন্ধ করুন। কারণ সত্যের পেশায় ভান বেশিদিন টেকে না।
সবখবর/ নিউজ ডেস্ক

