অটোবাইকের জন্য বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার তিন

মানিকগঞ্জে অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২৫ মার্চ বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর থানার কালীগঙ্গা নদী থেকে একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত রফিক মিয়া (২৮) ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে এবং পেশায় অটোচালক। জানা যায়, গত ২৪ মার্চ অটো নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন কালীগঙ্গা নদী থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে তার ভাই আরিফ মিয়া ও স্ত্রী জিয়াসমিন মরদেহটি শনাক্ত করেন।

ঘটনার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রথমে ঘিওর উপজেলার রাথুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রিপন মিয়াকে ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পাচঁ বারইল গ্রামের নান্নু মিয়ার ছেলে আরমান হোসেন এবং একই গ্রামের বান্দু মিয়ার ছেলে সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, নিহত রফিক ও গ্রেপ্তারকৃতরা পরস্পরের পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। অটোবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তারা রফিককে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নেয়। সেখানে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে ছিনতাইকৃত অটোবাইক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top